হঠাৎ খুন-ছিনতাই বেড়েছে রাজধানীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই খুন বেড়ে গেছে রাজধানীতে। প্রায় প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো স্থানে মানুষ খুন হচ্ছে। খুনের সঙ্গে বেড়েছে ছিনতাইও। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা বলছেন, এত দিন সড়ক-মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। রাজনৈতিক কর্মসূচির প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পুলিশের টহলও কমে গেছে। এই সুযোগে অপরাধীদের তৎপরতা বেড়ে গেছে।
টহল কমে যাওয়ার অভিযোগ মানতে চাননি ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ ও অভিযান) মীর রেজাউল আলম। তিনি বলেন, বেশির ভাগ খুনের ঘটনা ঘটছে ঘরের ভেতরে। এতে খুনের আগে পুলিশের কিছুই করার থাকে না।
ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গ ও হাসপাতাল সূত্র জানায়, ১ মে থেকে ২৮ মে পর্যন্ত অর্থাৎ ২৮ দিনেই নগরীতে ২৪ জনকে হত্যার অভিযোগ ও অন্তত ১১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ২৮ দিনে ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়ে অন্তত ৭০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, ১ মে থেকে ২৩ মে পর্যন্ত অর্থাৎ ২৩ দিনে হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ১৫টি হত্যা মামলা ও ছিনতাইয়ের অভিযোগে ২৬টি মামলা হয়েছে। এর আগে এপ্রিলে নগরীতে খুনের ঘটনায় ২১ ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় ১০টি। এর আগে জানুয়ারি মাসে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে ১৭টি। ওই মাসে ১৫টি ছিনতাইয়ের মামলার রেকর্ড করা হয়। মার্চ মাসে খুন হয় ২১ জন, ওই মাসে ছিনতাইয়ের ঘটনা ছিল মাত্র ২০টি।
সূত্রাপুর থানার লালমোহন সাহা রোডের একটি বাড়িতে ঢুকে ২৫ মে মধ্যরাতে শেখ মনির হোসেন (৪৫) নামের এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর মাত্র দুদিন আগে ২৩ মে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে ভাড়াটিয়ার বেশে ঘরে ঢুকে বাড়িওয়ালার মেয়ে সৈয়দা সাবেকুননাহারকে (৩৫) শ্বাসরোধ করে খুন করে নগদ টাকা ও অলংকার নিয়ে যায় ডাকাতেরা।
তার ১০দিন আগে ১৩ মে মিরপুর ১২ নম্বর সেকশনের ২০ নম্বর সড়কের একটি বাসায় ঢুকে বিদ্যুৎ সরবরাহ কোম্পানির উপসহকারী প্রকৌশলীর স্ত্রী সুইটি আক্তার (২৫) ও তাঁর মামা আমিনুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ১৪ মে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ে ছয় বছরের শিশু নাসিমা আক্তার ওরফে মুক্তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার পর একটি বাড়ির পানির ট্যাংকে ফেলে দেওয়া হয়।
২৪ মে দিনে-দুপুরে ছিনতাইকারীরা মগবাজারের আউটার সার্কুলার রোডের ওষুধ সরবরাহ প্রতিষ্ঠান অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা সেলিম আকতারকে (২৯) গুলি করে তাঁর কাছ থেকে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর দুদিন আগে ২২ মে রাতে মালিবাগ সুপার মার্কেটের সামনে দুই ছিনতাইকারী তানিম আহমেদ (২৪) নামের এক যুবকের মাথা ও পেটে ছুরি মেরে তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের পর পুলিশ দাপ্তরিক ও তদন্তের কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে খুনখারাবি ও ছিনতাই বেড়ে গেছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেই রেখেছে।