হঠাৎ বেকার ৭০০ চা-শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের মালিকপক্ষ আকস্মিক ৭০০ জন অস্থায়ী শ্রমিকের কাজ বন্ধ করে দিয়েছে। এতে ওই শ্রমিকেরা প্রায় পাঁচ সপ্তাহ ধরে বেকার। কাজে পুনর্বহালের দাবিতে শ্রমিক পঞ্চায়েতের পক্ষ থেকে চা-বাগানের ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, রত্না চা-বাগান ‘ভিয়েলাটেক্স গ্রুপ’ নামের একটি কোম্পানির মালিকানাধীন। বাগানে স্থায়ী শ্রমিকের সংখ্যা ৬৬৭ জন। এ ছাড়া আরও ৭০০ জন নারী-পুরুষ বাগানে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে অস্থায়ী শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এসব শ্রমিক কাজ বন্ধ করে দেন। এদিকে ১২ নভেম্বর শ্রমিক পঞ্চায়েতের পক্ষ থেকে বাগানের ব্যবস্থাপক বরাবর করা আবেদনে বলা হয়, রত্না ও এর ফাঁড়ি এলাপুর বাগানে ৩০০ ‘শূন্য (শ্রমিকবিহীন)’ পরিবার রয়েছে। এসব পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে বাগানে অস্থায়ী শ্রমিকের কাজ করতেন। কাজ বন্ধের ফলে ওই শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় অস্থায়ী শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানানো হয়। আবেদনের অনুলিপি শ্রীমঙ্গলে অবস্থিত চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপশ্রম পরিচালককেও দেওয়া হয়।
গত ২১ নভেম্বর সরেজমিনে বাগানে গেলে বিমলা নায়েক, অনিল রুদ্রপাল, আশ্রপিয়া নায়েকসহ আরও কয়েকজন শ্রমিক জানান, কাজ না থাকায় তাঁরা চরম অর্থকষ্টে পড়েছেন। ধারদেনা করে দিন যাপন করছেন। দুই বেলা ভাতও অনেকের জুটছে না।
শ্রমিক পঞ্চায়েতের সভাপতি বিকাশ রুদ্রপাল ও সাধারণ সম্পাদক অমিত রুদ্রপাল জানান, অস্থায়ী শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি খুবই অমানবিক। বাগানের মালিকপক্ষ বিষয়টি সমাধানে প্রথমে ২৮ নভেম্বর পর্যন্ত সময় নেয়। পরে তা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে শ্রমিকদের কাজে পুনর্বহাল করা না হলে তাঁরা আন্দোলনে নামবেন বলে হুমকি দেন।
চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের উপশ্রম পরিচালক গিয়াস উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, রত্না চা-বাগানের অস্থায়ী শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি শ্রম আইনের পরিপন্থী। বাগানের ৩০০ ‘শূন্য’ পরিবারের প্রত্যেকটি থেকে কমপক্ষে দুজন সদস্যকে বাগানে নিয়মিত কাজের ব্যবস্থা করে দিতে তিনি ব্যবস্থাপকের কাছে ১৬ নভেম্বর চিঠি পাঠিয়েছেন।
রত্না চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহ আলম গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোম্পানির চেয়ারম্যান কিছুদিন দেশের বাইরে ছিলেন। তিনি সম্প্রতি ফিরেছেন। আজ সোমবার তাঁর বাগানে আসার কথা রয়েছে। তিনি এলে বিষয়টির সমাধান হবে।