হতদরিদ্রদের কার্ড সচ্ছলদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রজব আলী ১০ টাকা কেজি দরের চাল পান। তাঁর ৩৫ কাঠা জমি আছে আর দুই ছেলে পুলিশ বাহিনীতে কর্মরত। অপরদিকে মৃত আবদুল খালেকের স্ত্রী মঞ্জিলা (৬০) মানুষের কাছে হাত পেতে সংসার চালান। নিজের জমি নেই। অনেক কষ্টে সংসার চালান। তবুও তিনি ১০ টাকা কেজি দরের চাল পাননি।

খোঁজ নিয়ে ও কার্ডধারী ব্যক্তিদের কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নে মঞ্জিলার মতো অনেক হতদরিদ্র মানুষ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কেনার জন্য বরাদ্দ করা কার্ড পাচ্ছেন না। তাঁদের বদলে ওই ইউনিয়নে রজব আলীর মতো অনেক সচ্ছল ও বিত্তবান ব্যক্তি কার্ড পেয়েছেন। এমনকি ওই কর্মসূচির ডিলারের পরিবারের সদস্যরাও কার্ড পেয়েছেন। তালিকা ঘেঁটে দেখে জানা গেছে, বেতাগৈর ইউনিয়ন ছাড়া অন্য ইউনিয়নের তালিকায় প্রত্যেক হতদরিদ্র মানুষের নামের পাশে তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বর লেখা রয়েছে। কিন্তু বেতাগৈর ইউনিয়নের তালিকায় জাতীয় পরিচয়পত্রের নম্বর লেখা নেই।

ইউনিয়নের চৈতনখালী গ্রামের হোসেন বানু (৭০) ভিক্ষা করে সংসার চালান। একই গ্রামের নুরুল ইসলাম (৩৮) আগে টেক্সটাইল মিলে চাকরি করতেন। মানসিক সমস্যার কারণে তাঁর চাকরি চলে যায়। তিনি এখন বাড়িতে খেয়ে না-খেয়ে দিন পার করছেন। এ ছাড়া ওই গ্রামের হতদরিদ্র আবুল হাশেম (৭০) ও মালেকা (৬৫) গত ৭ সেপ্টেম্বর চালু হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল কেনার কার্ড পাননি।

৫ নম্বর ওয়ার্ডের লোহিতপুর গ্রামের অবস্থাসম্পন্ন কৃষক মো. এবাদুল্লাহ (৬৫) ১০ টাকা কেজির চালের সুবিধাভোগী। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, এবাদুল্লা মিয়া নিজের পাকা বাড়ির সামনে বসে মাংস ভাগ-বাঁটোয়ারার কাজ তদারকি করছেন। এবাদুল্লাহ বলেন, ‘আমার হাই প্রেশার আছে। কাজ-কাম করতে পারি না। তাই এলাকার নেতারা একটি কার্ড দিয়েছে।’ তবে স্থানীয় লোকজন বলেন, এবাদুল্লার প্রচুর ধানি জমি রয়েছে। তাঁর ছেলের গাড়িও আছে। 

মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য (৫ নম্বর ওয়ার্ড) মো. গিয়াস উদ্দিন বলেন, সুবিধাভোগী মানুষের তালিকার অর্ধেকটা আওয়ামী লীগের লোকজন করেছেন। বাকিটা তিনি করেছেন। তবে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নবী হোসেন মুঠোফোনে বলেন, হতদরিদ্র মানুষের তালিকা প্রণয়নের বিষয়ে তিনি কিছু জানেন না।

৬ নম্বর ওয়ার্ডের বীরকামটখালী উত্তর বাজারের ডিলার মো. নুরুল ইসলামের পরিবারের পাঁচ সদস্য কার্ড পেয়েছেন। গত শুক্রবার নুরুল ইসলাম বলেন, তাঁকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল হতদরিদ্র মানুষের তালিকায় তাঁর পরিবারের সদস্যদের নাম দিয়েছে। নামগুলো বাদ দেওয়ার জন্য তিনি ইউনিয়ন পরিষদে আবেদন করেছেন বলে জানান।

তবে সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দ করা কার্ডের বিপরীতে চাল বিতরণ করা হয়েছে। মুঠোফোনে বেতাগৈর ইউপির চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার বলেন, নাম বাদ দেওয়ার কোনো আবেদন তাঁর কাছে আসেনি।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুস সালাম বলেন, ওই তালিকা তিনি করেননি। দলীয় লোকজন করেছেন। এ বিষয়ে তাঁরাই ভালো বলতে পারবেন।

নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পালনকারী ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘কোনো অভিযোগ থাকলে বলুন, ব্যবস্থা নেব। পত্রিকায় লিখে আর জটিলতা বাড়াবেন না। কাজ করতে গেলে কিছু ভুল-ত্রুটি হতেই পারে।’