হতদরিদ্রদের চাল নিয়ে চালবাজি, অ্যাকশনে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ আমলে নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খাদ্য পরিদর্শক, জনপ্রতিনিধি, ডিলার এবং হতদরিদ্র না হয়েও তালিকায় নাম উঠিয়ে চাল নেওয়া ব্যক্তিরা রয়েছেন।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, চট্টগ্রামে পাঁচজন, শরীয়তপুরে চারজন, দিনাজপুরে দুজন, ময়মনসিংহে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ কিছুদিন ধরে গণমাধ্যমে আসে। প্রতিবেদনে বলা হয়, এ কার্যক্রম হতদরিদ্রদের জন্য হলেও কোথাও কোথাও তা পাচ্ছেন সরকারি চাকরিজীবী, স্কুলশিক্ষক, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ বিত্তশালীরা। সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা তৈরিতেও রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে হতদরিদ্র অনেক পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কোথাও কোথাও চাল কম দেওয়া হচ্ছে বলেও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।
দুদক সূত্র জানায়, গণমাধ্যমের ওই সব প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টির ওপর নজরদারির সিদ্ধান্ত নেয় দুদক। গত সপ্তাহে দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী দুদক কর্মকর্তাদের একটি চিঠি দিয়ে নির্দেশনা দেন। ওই নির্দেশনায় চাল নিয়ে অনিয়মের ওপর কঠোর নজরদারির পাশাপাশি অনিয়মের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছেন দুদকের কর্মকর্তারা।
সূত্র জানায়, ওএমএস ডিলারদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে তিনজন খাদ্য পরিদর্শক—এস এম শাহাবুদ্দিন, শাহনেওয়াজ ও সুরজিত দে-কে গ্রেপ্তার করেছেন দুদক কর্মকর্তারা। একই সঙ্গে ডিলার সৈয়দ মোহাম্মদ মারুফ ও ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করা হয়েছে।
হতদরিদ্র না হয়েও হতদরিদ্র তালিকায় নাম তুলে চাল আত্মসাতের অভিযোগে নীলফামারীর রশিদুল ইসলাম ও বনমালি রায় নামের দুজন গ্রেপ্তার করা হয়েছে।
চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরে গ্রেপ্তার হয়েছেন চার ডিলার। এঁরা হলেন সবিচনির হাটের সহিদুল সিকদার, রায়পুরের ফিরোজ খান, চন্দ্রপুরের দবীর তালুকদার ও মাহমুদপুর বাজারের আলী হোসেন খান।
ময়মনসিংহে গ্রেপ্তার হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন সদস্য ও এক ডিলার। ভালুকায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন ভরাডোবা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজিম উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম এবং ডিলার কামরুল ইসলাম।
প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের বিধান থাকলেও ১৮ জন হতদরিদ্র মানুষকে দুই মাস বিতরণ দেখিয়ে কার্ডে টিপসই নিয়ে ৫৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ফারুক মিয়াকে।