হতদরিদ্রদের ২৭০ কেজি চাল জব্দ, একজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের সীমাবাড়ী বাজারে অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের ২৭০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় সৈয়দ আলী (৪২) নামের এক দোকানমালিককে আটক করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান এ অভিযান চালান।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক সৈয়দ আলীকে চার দিনের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন ইউএনও। অভিযানে উদ্ধার করা চাল জব্দ করে সীমাবাড়ীর ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
সৈয়দ আলীর বাড়ি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামে। তিনি সীমাবাড়ী বাজারে খুদ-ভুসির দোকানমালিক।
ইউএনও বলেন, ২৭০ কেজি চালের মধ্যে সৈয়দ আলীর দোকান থেকে ৩০ কেজি এবং ওই বাজারের পৃথক দুটি স্থানে পরিত্যক্ত
অবস্থায় থাকা আরও ২৪০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। অভিযান টের পেয়ে বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত সটকে পড়েন।
তিনি আরও বলেন, ওই বাজারে এই চাল বিক্রি করার দুজন অনুমোদিত ডিলার রয়েছেন। ডিলার ছাড়া এই চাল কেনাবেচা অন্যায়। তাঁর দপ্তরের এ ধরনের অভিযান উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলবে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, সৈয়দ আলীকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।