আতিয়া মহলে সেনা অভিযান চলাকালে গত শনিবার দুই দফা বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ।
মোগলাবাজার থানায় গত রোববার রাতে হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী। আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। ওই বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। আহত হন আরও ৪৪ জন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকনউদ্দীন বলেন, মোগলাবাজার থানার মামলায় হত্যা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। কী করে বিস্ফোরণ দুটি ঘটল, জানতে চাইলে তিনি বলেন, প্রথম বিস্ফোরণটি ঘটেছে অন্ধকারে, মানুষের ভিড়ের মধ্যে। তাই বোঝা যায়নি সেটি কী করে ঘটল। আর দ্বিতীয় বিস্ফোরণটির বিস্ফোরক ব্যাগে রাখা ছিল।
ওই বিস্ফোরণের ঘটনাস্থলে পড়ে থাকা পাঁচটি মোটরসাইকেলের মধ্যে চারটির মালিক পাওয়া গেছে। একটির বিষয়ে বিআরটিএর কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রোকনউদ্দীন।