হত্যা করতে এসে অস্ত্রসহ তিনজন আটক
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের খেয়াঘাট এলাকায় শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শেখ আসাদুজ্জামানকে (৫০) হত্যা করতে আসা তিন ব্যক্তিকে স্থানীয় জনতা অস্ত্রসহ আটক করেছে। পরে তাঁদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁদের ব্যবহার করা মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
গত মঙ্গলবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন: উপজেলার কচুয়া গ্রামের শান্ত রায় (২৫), কোদলা গ্রামের সাদ্দাম হোসেন (২২) ও সীমান্ত মল্লিক (২২)।
পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, সাবেক ইউপি সদস্য আসাদ প্রায়ই তাঁর বাড়ির অদূরে ভৈরব নদের খেয়াঘাটে আড্ডা দেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাত নয়টার দিকে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে আসাদকে হত্যার উদ্দেশ্যে শংকরপাশা গ্রামে ভৈরব নদের খেয়াঘাটে আসেন। এ সময় তাঁরা নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকেন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাঁদের ঘিরে ফেলেন। এ সময় তাঁরা অস্ত্র বের করে ভয় দেখাতে গেলে লোকজন তাঁদের ধরে ফেলেন এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাঁদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি বোমা এবং একটি হাতুড়ি উদ্ধার করেন স্থানীয় লোকজন। এ ব্যাপারে অভয়নগর থানায় দুটি মামলা করা হয়েছে।
আসাদ বলেন, দাবি করা চাঁদা না পেয়ে বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করার হুমকি দিয়ে আসছিল। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানিয়ে রেখেছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, সন্ত্রাসীরা স্থানীয় সাজ্জাদ বাহিনীর সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা সাবেক ইউপি সদস্য শেখ আসাদুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে এসেছিলেন বলে স্বীকার করেছেন। স্থানীয় লোকজন তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।