হত্যা নয় বললেন ময়নাতদন্তকারী অপমৃত্যু মামলা করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির আহাম্মেদ
সাব্বির আহাম্মেদ

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) সাব্বির আহাম্মেদের মরদেহের ময়নাতদন্ত গতকাল রোববার সম্পন্ন হয়েছে। তিন সদস্যের একটি বোর্ড এই তদন্ত করেছে। তাৎক্ষণিকভাবে বোর্ডের প্রধান সাংবাদিকদের বলেছেন, এটি কোনোভাবেই হত্যা নয়। অপরদিকে সাব্বির আহাম্মেদের বাবা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুনসুর রহমান, এমদাদুর রহমান ও বর্তমান বিভাগীয় প্রধান এনামুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বোর্ড সাব্বির আহাম্মেদের ময়নাতদন্ত সম্পন্ন করে। দুপুর ১২টার দিকে কাজ শেষ করে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক মুনসুর রহমান বলেন, তাঁরা সন্দেহজনক সবকিছু প্রমাণের জন্য যা যা দরকার, সব নিয়েছেন। বিষ বা মাদক জাতীয় কিছু ছিল কি না, তা পরীক্ষার জন্য তাঁরা ভিসেরা এবং রক্তের নমুনা সংগ্রহ করেছেন। তিনি বলেন, তাঁরা তদন্ত প্রতিবেদনে সবকিছু বলবেন। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোনোভাবেই হত্যার ঘটনা নয়।

গতকাল বেলা একটার দিকে রাজশাহী পুলিশ লাইনস মাঠে ‘অফিসিয়াল ফিউনারেলের’ মাধ্যমে সাব্বিরের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর তাঁর লাশ নগরের টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাজা শেষে সাব্বিরের বাবা রাজশাহী মহানগর পুলিশের অবসরপ্রাপ্ত কমিশনার মো. ওবায়দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে তিনি নগরের রাজপাড়া থানায় একটি ইউডি মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। ময়নাতদন্তে জানা গেছে এটি আত্মহত্যার ঘটনা—এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তিনি বিষয়টি শোনেননি। চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার সাত দিন আগে ছেলের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছে। তাঁর আচরণ খুবই স্বাভাবিক ছিল তখন। আত্মহত্যা করার মতো কোনো কিছুই ঘটেনি।

গত শনিবার সকালে নগরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত পুলিশের অফিসার্স মেসে জানালার গ্রিলের সঙ্গে সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহাম্মেদের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি নগরের রাজপাড়া থানার তদারকি কর্মকর্তা ছিলেন।