হত্যা মামলা তুলে নিতে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় হত্যা মামলা তুলে নিতে নিহত ব্যক্তির স্ত্রীকে সপরিবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির স্ত্রী নাছিমা খাতুন বলেন, ‘১৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাদাপোশাকধারী চারজন লোক বাড়িতে এসে মামলা তুলে নিতে বলে। তা না হলে আমার দুই সন্তানসহ পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।’
জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৮ সেপ্টেম্বর কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গ্রামে আজগর মিনা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে আরও পাঁচজন আহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ইকবাল হোসেন মিনা বাদী হয়ে পরদিন রাজা মোল্লাকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে কালিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার বাদী ইকবাল হোসেন মিনা দাবি করেন, ‘মামলার প্রধান আসামি রাজা মোল্লার নিকটাত্মীয় এক ব্যক্তি সেনাবাহিনীতে লে. কর্নেল পদমর্যাদায় কর্মরত আছেন। তাঁর প্ররোচনায় ওই চারজন ব্যক্তি বাড়িতে আসেন। ওই সেনা কর্মকর্তা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করছেন। এ অবস্থায় দুই শিশুসন্তান নিয়ে আজগরের পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।’
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার এসআই মো. আতিকুজ্জামান বলেন, ‘শুনেছি, আসামি রাজা মোল্লার নিকটাত্মীয় সেনা কর্মকর্তা পদে চাকরি করেন। কিন্তু মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়টি জানা নেই। এ ব্যাপারে কেউ থানায়ও অভিযোগ করেনি।’ তিনি জানান, এই মামলার ৩০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পলাতক।