মিরপুরের স্কুলছাত্র মাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের লিখিত অভিযোগ পাল্টে নিজের মতো করে মামলা সাজিয়েছে পুলিশ। নিহত ছাত্রের বাবা নজরুল ইসলাম প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন। তাঁর অভিযোগ, হত্যকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
নিহত মাহিদুলের স্বজনেরা জানান, প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার মিরপুর ৬ নম্বর সেকশনে আদর্শ বিদ্যানিকেতনের সামনে মানববন্ধন করবেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
নজরুল বলেন, গত ১৪ আগস্ট রাতে মিরপুর ৬ নম্বর সেকশনে নিজ বাসার কাছে মাহিদুলকে খুন করা হয়। মামলার জন্য তিনি মিরপুর থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ সেই অভিযোগ এজাহার হিসেবে নেয়নি।
পরদিন সকালে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান টাইপ করা একটি কাগজ নিয়ে তাঁর বাসায় গিয়ে বলেন, ‘আপনার লেখায় কিছুটা ভুল ছিল। পরিবর্তন করা হয়েছে, সই করেন।’
নজরুল অভিযোগ করেন, নিজের লিখিত অভিযোগে তিনি তিনজনের নামসহ আরও দু-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা বলেছিলেন। কিন্তু পুলিশ মামলায় ৪০-৫০ জনকে আসামি করে। তার ভিত্তিতে পুলিশ মাহিদুলের ঘনিষ্ঠ বন্ধু মিরাজ হোসেনকে গ্রেপ্তার করে।
মামলা সাজানোর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার এসআই আতাউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আমি ঘটনার তিন দিন পর্যন্ত মামলা তদন্ত করি। ওই সময় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছি। মাহিদুলের বন্ধু মিরাজকে গ্রেপ্তার করি সন্দেহ করে।’
এলাকাবাসী ও মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ধুমহলে বড় ভাইদের সম্মান জানানোর সূত্র ধরেই দুই পক্ষের দ্বন্দ্বে খুন হন স্কুলছাত্র মাহিদুল। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে।
অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সালাহ্উদ্দিন খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
মিরপুর ৬ নম্বর সেকশনের বাসিন্দারা জানান, গত রোজার সময় ছোট-বড় নিয়ে দ্বন্দ্বের সূত্র ধরে রাকিবুল হাসান ওরফে পিয়াস ও মিরাজ হোসেন নামের দুই কিশোর পৃথক দুটি দল গঠন করে। বয়স ও লেখাপড়ার শ্রেণির ভিত্তিতে জ্যেষ্ঠদের নিয়ে ৬ নম্বর সেকশনের বি ব্লক ও বেনারসি পল্লির ১৫ কিশোরকে নিয়ে একটি দলে করে পিয়াস। আর এ ব্লকের ১০ কিশোরকে নিয়ে আরেকটি দল করে মিরাজ। দুই দলের মধ্যে মিরাজ ও সুজন ছাড়া সবাই স্কুল ও কলেজে পড়ে। নিহত মাহিদুল ছিল মিরাজের দলে। এদের কারও বাবা ব্যবসায়ী, কেউ সরকারি কর্মচারী, আবার কেউ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ছেলে। দুই দলের দ্বন্দ্বের বিরোধেই খুন হয়েছিল মাহিদুল।