হত্যা মামলায় আ.লীগ নেতা শাহারুল গ্রেপ্তার
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামকে (৪০) একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে শহরের ভেকুটিয়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহারুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের একটি অংশ শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
থানার পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের ভেকুটিয়া মোড়ে পুলিশ ব্যক্তিগত গাড়ি থেকে শাহারুলকে গ্রেপ্তার করে। তাঁকে গতকাল দুপুরে যশোরের আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শাহারুল যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।
থানার পুলিশ আরও জানায়, ২০১০ সালের ১৪ মার্চ যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেনকে শহরতলির ভেকুটিয়া বাজারের অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তিনিও বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিন বছর পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এতে শাহারুলসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের দুই কর্মী বলেন, যশোর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার এবং আরেক পক্ষের নেতৃত্বে আছেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। শাহারুল শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী। শাহিনের অনুসারীরা শাহারুলের মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে শহরে মিছিল করেন। পরে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তাঁরা অবিলম্বে শাহারুলের মুক্তির দাবি জানান।