হত্যা মামলায় আটক ব্যক্তির পলায়ন
রাজশাহীর বাগমারার মুদি দোকানদার আনোয়ার হোসেন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক এক ব্যক্তি পুলিশের মোটরসাইকেল থেকে পালিয়ে গেছে। উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে গত শুক্রবার এ ঘটনা ঘটে।
দ্বীপপুর গ্রামের মুদি দোকানদার আনোয়ার হোসেনকে গত ২৬ ফেব্রুয়ারি অপহরণের পর হত্যা করা হয়। গত ১ মার্চ তাঁর অর্ধগলিত লাশ শিকদারী এলাকার এক পরিত্যক্ত ইটভাটায় পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, নিহত ব্যক্তির কাছে থাকা দেড় লাখ টাকা হাতানোর জন্য তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
প্রত্যক্ষদর্শী চারজন বলেন, গত শুক্রবার রাত নয়টার দিকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) বিমল কুমার চাকী অন্য এক পুলিশ সদস্যকে নিয়ে মাড়িয়া ইউনিয়নের শিকদারী এলাকা থেকে দুজনকে আটক করেন। তাঁরা হলেন সাঁকোয়া গ্রামের শুকুর আলী (৫২) ও বাদলা (৩৫)। এ সময় পুলিশের কাছে কোনো হাতকড়া ছিল না। পরে পুলিশ আটক দুজনকে একটি মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসতে থাকে। রাত সাড়ে নয়টার দিকে পুলিশের মোটরসাইকেলটি ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে পৌঁছালে একটি আলুবাহী ভটভটির সামনাসামনি হয়। এতে মোটরসাইকেলের গতি কমানো হলে আসামিরা লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশও ধাওয়া করে। ভবানীগঞ্জ আলুহাটা থেকে শুকুর আলীকে ধরতে পারলেও বাদলা পালিয়ে যান।
এসআই বিমল কুমার চাকী মুঠোফোনে বলেন, একজনকেই আটক করা হয়েছে। তবে স্থানীয় লোকজন পুলিশের মোটরসাইকেলে দুজন থাকা ও পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে একজনকে ধরতে দেখেছেন বলে এসআই কোনো মন্তব্য না করে ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।