হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র ইব্রাহিম সরকার হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ভালুককান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সাদ্দাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইটের সঙ্গে লেগে তাঁর বাঁ হাত কেটে যায়। গতকাল বুধবার সকালে সাদ্দামকে টাঙ্গাইল আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার হওয়া সাদ্দাম উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। পুলিশ এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করল। গত ১১ মে উপজেলার ঘাটেশ্বরী গ্রামে সংঘর্ষে ওই গ্রামের লেবু সরকারের ছেলে টাঙ্গাইলের কালিহাতীর লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের শিক্ষার্থী ইব্রাহিম সরকার খুন হন। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ‘সাদ্দাম হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।’ সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি