নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার মো. হানিফকে গত মঙ্গলবার আবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার প্রধান আসামি।
মো. হানিফের বিরুদ্ধে ওই মামলার এজাহার জালিয়াতি করে হাইকোর্ট থেকে জামিন লাভের অভিযোগ রয়েেছে।
নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. হানিফ মঙ্গলবার বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেন। এর আগে বড়াইগ্রামের রশিদ অটোরাইস মিলের কর্মী সাকিব হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফকে (২২) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৮ জুলাই ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে হাইকোর্টের নজরে আসে মামলার প্রকৃত এজাহার গোপন করে আসামির নিযুক্ত আইনজীবী জাফর আলম ভিন্ন একটি এজাহার দাখিল করেছেন।
জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাইকোর্ট ২৯ জুলাই জামিন বাতিল করেন ও আসামিকে ৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে আসামি ওই দিন আত্মসমর্পণ করেননি। এ কারণে হাইকোর্ট নাটোরের মুখ্য বিচারিক হাকিমকে আসামির গ্রেপ্তার নিশ্চিত করতে তাঁর জামিনদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
সে অনুযায়ী নাটোরের মুখ্য বিচারিক হাকিম ১৩ আগস্ট আসামি হানিফসহ জামিনদারদের উপস্থিত হওয়ার নির্দেশ দেন। ওই দিন জামিনদাররা উপস্থিত হয়ে আসামি হানিফকে আদালতে হাজির করার জন্য ১৫ দিন সময় চান। আদালত পাঁচ দিনের সময় মঞ্জুর করেন। সে মোতাবেক গত মঙ্গলবার হানিফকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে নাটোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে জামিনদারদের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
জামিনদার আইনজীবী আবদুল জলিল বলেন, ‘আদালতের নির্দেশমতো আমরা আসামিকে হাজির করে দিয়েছি।’
অপর জামিনদার নজরুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কীভাবে তাঁকে জামিনদার করা হয়েছিল তা জানতে চাইলে আবদুল জলিল বলেন, ‘জামিননামা দাখিলের সময় নজরুল ইসলাম যে মামলার আসামি তা আমাকে বলেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে আদালতের সহকারী কৌঁসুলি সামসুল হক প্রথম আলোকে বলেন, আসামি মো. হানিফের জামিন হাইকোর্ট থেকে বাতিল হয়েছে। এ আদালত শুধু ওই আদেশ কার্যকর করেছেন।