হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সোহেল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন বলে ডিবির ভাষ্য।
মিরপুরের ভাষানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে গতকাল রোববার রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানায় ডিবি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি রিভলবার ও কয়েকটি গুলি উদ্ধারের দাবি করা হয়েছে।
ডিবির উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ভাষানটেকের ওই এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে বলে খবর এলে সেখানে অভিযানে যায় ডিবি। এ সময় ডিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ডিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল আহত হন। কয়েকজন পালিয়ে যান। হিরণ নামের একজনকে আটক হন। সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডিসি সাজ্জাদুর রহমান বলেন, সম্প্রতি ভাষানটেকে জামাল নামের এক ঠিকাদার খুন হন। এই হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন সোহেল।