হত্যা মামলার আসামিকে অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা আল আমিন মিয়াকে অপহরণের পর প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ডেমরার আমুলিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আল আমিন (২৮) সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
আল আমিনের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন মিয়াকে বুধবার বিকেল পাঁচটার দিকে ফতেপুর গ্রামের পাশের সড়কে একা পেয়ে একই গ্রামের জাকির হোসেন, মাহাবুব মিয়া, সোহেল হোসেন ও ইসলাম মিয়া তাঁকে পিটিয়ে আহত করেন। পরে একটি অটোরিকশাযোগে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যান। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল ঢাকার আমুলিয়া এলাকায় ডেমরা-রামপুরা সড়কের পাশে একটি লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে মর্গে গিয়ে আল আমিনের স্ত্রী সিমা আক্তার লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।
স্ত্রী সিমা আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে জুলাইয়ে জামিনে মুক্তি পান। বিল্লাল হোসেনের সমর্থকেরা তাঁর স্বামীকে অপহরণ করে হত্যা করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাউসার আহাম্মেদ জানান, আল আমিনের দুই হাত-পা ভেঙে ও একটি চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিল্লাল হোসেন হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আল আমিন।
সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে গত বছরের ২৭ জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে মাসুম বাদী হয়ে সোনারগাঁ থানায় ২০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগের দুই সদস্য আনোয়ার হোসেন ও শহিদুল্লাহসহ ১২ জনের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়।