হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
সিলেটে কলেজছাত্র হত্যা মামলার আসামি কামাল আহমদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে নগরের খুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কামাল খুলিয়াপাড়া নীলিমা আবাসিক এলাকার বাসিন্দা মৃত সুরুজ আলীর ছেলে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে খুলিয়াপাড়া গলির মুখে কামালকে একদল অস্ত্রধারী কুপিয়ে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত এলাকাবাসী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কামাল একই এলাকার বাসিন্দা সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগমের কলেজপড়ুয়া ছেলে সোহান ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। ওই হত্যাকাণ্ডের জের ধরে এটি ঘটল কি না—পুলিশ তা খতিয়ে দেখছে বলে তিনি জানান।