হত্যা মামলার আসামিকে হত্যা
হত্যা মামলার আসামিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রংপুর নগরের তামপাট এলাকায় গতকাল বুধবার রাতে ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত ব্যক্তির নাম রাকিবুল হাসান (২৬)। তাঁর বাড়ি নগরের নিউ জুম্মাপাড়ার পাকার মাথা এলাকায়। বাবার নাম দুলাল মিয়া।
কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আজিজুল ইসলামের ভাষ্য, নিহত রাজিব রংপুরের মুন্সিপাড়ার ফরহাদ হোসেন হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি ছিলেন। গত বছরের ৭ জুলাই নগরের সাতগাড়া এলাকার মিস্ত্রিপাড়ায় ফরহাদ খুন হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে তিনটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যান। দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে একজনকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ভয়ে কেউ এগিয়ে যাননি। পরে রাকিবুলের লাশ ধানখেতে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।