হত্যা মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারা উপজেলা থেকে হত্যা মামলার এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪০)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের দুলাল হত্যা মামলার আসামি। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ইসমাইল হোসেনের পরিবারের দাবি, ইসমাইলকে হত্যা করে লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ইসমাইল হোসেন ওই গ্রামের লিটন আলীর ছেলে।
ইসমাইলের আত্মীয়স্বজন জানিয়েছেন, গতকাল সোমবার বিকেলে ইসমাইল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাত থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকাল সাড়ে ১০টায় স্থানীয় কয়েকজন ব্যক্তি সাইপাড়া গ্রামের এক আমবাগানে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টায় বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বাসুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান জানান, ইসমাইল হোসেন ওই গ্রামের দুলাল হত্যা মামলার আসামি ছিলেন। গত বছরের মার্চ মাসে ভুট্টাখেতের ভেতর দিয়ে যাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুলাল হোসেন মারা যান। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ইসমাইল হোসেন। তিনি ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতেই ছিলেন।
তবে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে তিনি কয়েক দিন আগে চেয়ারম্যানের কাছে জানিয়েছিলেন।
ইসমাইল হোসেনের তিন স্বজন অভিযোগ করেন, হুমকির কথা ইসমাইল তাঁদেরও জানিয়েছিলেন। যারা হুমকি দিয়েছে তারাই ইসমাইলকে হত্যার পর লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
বাগমারা থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে, এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, এটা হত্যা না আত্মহত্যা। তবে ইসমাইল হোসেন এক হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে নিশ্চিত করেন তিনি।