হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগ
যুবলীগের নেতা হত্যা মামলার অন্যতম আসামি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলাতলা গ্রামের সৈয়দ আলী শেখের (৭০) তিনটি ঘর গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে মামলার তিন আসামির ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হলো।
৬ অক্টোবর রাতে কলাতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন যুবলীগের নেতা ইলিয়াস হোসেন (৩৫)। এ ঘটনায় ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। মামলার প্রধান আসামি করা হয় একই গ্রামের সালাম শেখকে। এর পর দিন থেকে মামলার আসামি ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের কয়েকটি ঘটনা ঘটেছে।
সৈয়দ আলী শেখের মেয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী আসমানী আক্তার (১৮) জানান, তাঁর বাবা ও ভাই সাইফুল ইসলাম (২০) মামলার কারণে পালিয়ে আছেন। বৃহস্পতিবার রাতে তিনি ও তাঁর মা আনোয়ারা বেগম ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১১টার দিকে আওয়ামী লীগের সমর্থক ১৫-১৬ জন লোক পুলিশ নিয়ে তাঁদের বাড়ি আসেন। পুলিশ ঘরে তল্লাশি চালিয়ে চলে যায়। এরপর রাত পৌনে একটার দিকে ওই ব্যক্তিরা আবার বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলেন। পুলিশ ভেবে তিনি দরজা খোলার পর তাঁরা ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সাত ভরি সোনার গয়নাসহ মালামাল লুট করেন। এরপর তাঁরা পেট্রল ঢেলে তিনটি ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে তাঁদের বসতঘর, খাবারঘর ও মালামাল রাখার ঘর পুড়ে যায়।
সৈয়দ আলী শেখের আরেক ছেলে লিটন শেখ বলেন, ‘নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে আমরা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান গদপ্রার্থী মনিরুজ্জামান শিকদারের পক্ষে কাজ করি। ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বিজয়ী হন। নির্বাচনের পর তিনি (মোশাররফ) আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে আসছেন। অগ্নিসংযোগের ঘটনায় তাঁর ইন্ধন রয়েছে।’
তবে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিহত ইলিয়াসের আত্মীয়স্বজনেরাই সম্ভবত সৈয়দ আলী শেখের ঘরে আগুন দিয়েছেন। এর সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।