হত্যা মামলার আসামির বাড়িতে আগ্নেয়াস্ত্র
জমি নিয়ে বিরোধের জের ধরে ফেনীতে প্রতিপক্ষের গুলিতে শিশুসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামির বাড়ি থেকে আজ রোববার গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে একটি শাটার গান, একটি বন্দুক ও ৩৮টি গুলি। এদিকে এ ঘটনায় আজিজুল হক নামে আরেক আসামিকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় আটজন গ্রেপ্তার হলেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মহিপাল এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনজন নিহত এবং তিনজন আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মাঈন উদ্দিন নামে নিহত একজনের বড় ছেলে মোমিনুল হক নয়ন বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, আজ বিকেলে ফেনী পৌরসভার মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় এ মামলার পলাতক আসামি স্বপন চৌধুরীর ঘর তল্লাশি করে একটি শাটারগান ও ২৩টি গুলি এবং আরেক পলাতক আসামি মিঠু চৌধুরীর ঘর তল্লাশি করে একটি বন্দুক ও ১৫টি গুলি উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৮ জন এখনো পলাতক। গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে ইমরান হোসেন ও আরিফুল ইসলাম গতকাল শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।