হত্যা মামলার আসামিসহ ১১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মামুন ওরফে পোড়া মামুন ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

একই দিন পৃথক অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতিসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ৬৩৫ বোতল ফেনসিডিল, ২৮৮ ক্যান বিয়ার, দুই বোতল মদ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, শুক্রবার গভীর রাতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মামুন ও তাঁর সহযোগী রাসেলকে পঞ্চবটী বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। এসআই বলেন, গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন ফতুল্লার পঞ্চবটী বন বিভাগের কার্যালয়ের সামনে দিয়ে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান যাবে। এ সংবাদে ওই দিন গভীর রাতে পুলিশ সেখানে অবস্থান নেয়। এ সময় একটি অটোরিকশা থেকে ফেনসিডিলের একটি ব্যাগ মামুন ও রাসেলকে দেওয়া হয়। তখনই দুজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর মামুনের অন্যতম সহযোগী সুজন ও আওলাদ প্রাইভেট কারভর্তি ফেনসিডিল নিয়ে আসেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে তাঁরা দ্রুতবেগে পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ্জালাল বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফত উল্লাহ বলেন, শুক্রবার গভীর রাতে নয়াআটি মুক্তিনগর ও নিমাইকাশারী এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশের একাধিক দল। নয়াআটি মুক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি সিকিম আলী (৫০) ও তাঁর সহযোগী ইহছাক মিয়া, আবুল কালাম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৮৮ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া নিমাইকাশারী ব্যাংক কলোনি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রহিম খান (৫৫) ও তাঁর তিন মেয়েকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।