হত্যা মামলার পলাতক আসামি ছিনতাইয়ের সময় আটক
লালমনিরহাট পৌর এলাকায় গত শনিবার ছিনতাইয়ের সময় হত্যা ও মাদক মামলার পলাতক আসামি শাকিরুল ইসলামকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় গতকাল রোববার তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে যশোর কিশোর সংশোধনাগার থেকে এক মাস আগে পালিয়ে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভার মাঝাপাড়া ঠাকুরের মাল্লী এলাকায় শাকিরুলসহ অজ্ঞাতনামা আরও দুজন সদর উপজেলার কিশামত ঢঢগাছ গ্রামের আবদুল লতিফের পথরোধ করেন। ওই তিনজন লতিফের গলায় ছুরি ধরে তাঁর বাইসাইকেলসহ সাড়ে তিন হাজার টাকা কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় লতিফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শাকিরুলকে আটক করেন। তবে অন্য দুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শাকিরুলকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিরুল সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে। ২০১৫ সালের ১৯ মে রাতে শাকিরুল মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে শহরের নর্থবেঙ্গল মোড়ের ওষুধ ব্যবসায়ী আকরামুল হককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আকরামুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ মে মারা যান। এ ঘটনায় আকরামুলের পরিবার শাকিরুলের বিরুদ্ধে সদর থানায় ওই দিন (২০ মে) একটি হত্যা মামলা দায়ের করে। ওই হত্যা মামলায় ২১ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। সেখান থেকে গত ডিসেম্বর মাসের শেষের দিকে সে পালিয়ে আসে। এ ছাড়া ২০১৪ সালের ৫ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার উপরিদর্শক (এসআই) আবদুল্লাহ-আল মাহমুদ বলেন, ওই ছিনতাইয়ের ঘটনায় লতিফ গতকাল সকালে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাকিরুলকে দুপুরে লালমনিরহাটের আদালতে হাজির করা হয়। আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। সেখান থেকে আজ সোমবার তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।