হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে নাজমুল হক (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নাজমুল হক উপজেলার ভাইজোড়া গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহিন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, নাজমুলকে তাঁর স্ত্রীর ছোট ভাই তুহিন মিয়া (২০) কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে তুহিন পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।
মঠবাড়িয়া থানার পুলিশ, আদালত সংশ্লিষ্ট ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৬ মার্চ রাতে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের কাঞ্চন সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহিন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শাহিন মিয়ার স্ত্রী কাজল বেগম বাদী হয়ে শাহিন মিয়ার ছোট বোন হোসনে আরার স্বামী নাজমুল হককে প্রধান আসামি করে থানায় মামলা করেন। বর্তমানে আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার সকালে নাজমুল হক দক্ষিণ বড়মাছুয়া গ্রামের শ্বশুরবাড়িতে গিয়ে শাহিনের পরিবার ও মামলার সাক্ষীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু শাহিনের পরিবারের সদস্যরা নাজমুলের প্রস্তাবে রাজি হননি। বেলা ১১টার দিকে নাজমুলের সঙ্গে শাহিনের ছোট ভাই তুহিন মিয়ার বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তুহিন মিয়া উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে বোনের স্বামী নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। নিহত নাজমুলের দুই স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
নাজমুলের স্ত্রী হোসনে আরা ও ঘটনাস্থলে উপস্থিত দুই ব্যক্তি জানান, গতকাল সোমবার সকালে নাজমুল হক মামলাটি মীমাংসার জন্য দক্ষিণ বড়মাছুয়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে সমঝোতা বৈঠকে বসার আগেই শ্যালক তুহিনের সঙ্গে তিনি কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এ সময় নাজমুল তুহিনকে বলেন, মামলা মীমাংসা না করা হলে তুহিনকেও বড় ভাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হবে। এ কথা শুনে তুহিন উত্তেজিত হয়ে ঘর থেকে কুড়াল এনে নাজমুলকে কুপিয়ে জখম করেন।
শাহিন মিয়ার স্ত্রী কাজল বেগম জানান, ২০০৮ সালে নাজমুল হক দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে নাজমুলের প্রথম স্ত্রী হোসনে আরার বড় ভাই শাহিনের সঙ্গে নাজমুলের বিরোধ দেখা দেয়। ২০০৮ সালের ২৬ মার্চ রাতে নাজমুল ভাড়াটে খুনির সহযোগিতায় শাহিনকে কুপিয়ে হত্যা করেন। ২০১৩ সালে ওই মামলার ২ নম্বর আসামি ভাড়াটে খুনি ওয়াহেদ কবিরাজ পিরোজপুরের নামাজপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। বর্তমানে আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বলেন, বেলা একটার দিকে নাজমুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাঁর মাথাসহ শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।