হত্যা মামলার বাদীকে অপহরণের অভিযোগে চেয়ারম্যান গ্রেপ্তার
হত্যা মামলার বাদীকে অপহরণের অভিযোগে মাগুরা সদর উপজেলা গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ও তাঁর বাবা একই ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনকে (বাঁশি মিয়া) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ মামলার বাদী অপহৃত খাদিজা খাতুনকে উদ্ধার করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ১৯৭১ সালের ২৫ থেকে ২৭ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে সদর উপজেলার সংকোচখালী গ্রামের হাসেম মোল্লাসহ মোট ১৮ জনকে রাজাকারেরা হত্যা করে। ওই সময় রাজাকারদের আঞ্চলিক কমান্ডার ছিলেন সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাঁশি মিয়া। পরে তিনি গোপালগ্রাম ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় বাবা হাসেম মোল্লাসহ ১৮ জনের হত্যার ঘটনায় মেয়ে খাদিজা খাতুন ২০০৮ সালে মাগুরা আদালতে মামলা করেন। ওই মামলায় বাঁশি মিয়াসহ মোট নয়জনকে আসামি করা হয়।
খাদিজা খাতুনের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, বাঁশি মিয়াসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন। বিভিন্ন সময় মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে চাপ সৃষ্টি করছিলেন বাঁশি মিয়া। তিনি ও তাঁর ছেলে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান গত মঙ্গলবার বিকেলে আতিয়ার রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে খাদিজা খাতুনকে মাগুরা শহরের পারলা পূর্বপাড়া এলাকায় ডেকে আনেন। এ সময় তাঁরা দুই লাখ টাকার বিনিময়ে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু খাদিজা খাতুন রাজি না হওয়ায় তাঁকে নাজমুল হাসানের নির্মাণাধীন বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ রাত একটার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে খাদিজাকে উদ্ধার করে। এ সময় বাঁশি মিয়া ও নাজমুল হাসানকে আটক করা হয়। তবে তাঁদের সহযোগী আতিয়ার রহমান পালিয়ে যান। পরে সকালে খাদিজা খাতুন তাঁকে অপহরণের অভিযোগ মামলা করলে ওই মামলায় আটক বাবা ও ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত পরে তাঁদের জেলহাজতে পাঠান।