হত্যা মামলার বাদীকে পরীক্ষা দিতে বাধা
একটি হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদী। আর এ কারণেই দীর্ঘ চার বছর পর্যন্ত তিনি বাড়ি যেতে পারছেন না। গত শনিবার স্নাতক (পাস) শেষ বর্ষের সমাজকর্ম বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। এ সময় তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
তাঁর নাম মো. জাকির হোসেন (২৫)। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম সুনাম উদ্দিন চৌকিদার। জাকির বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ কেন্দ্রে স্নাতক (পাস) শেষ বর্ষের পরীক্ষা দিচ্ছেন।
জাকির হোসেন জানান, তিনি চার বছর পর্যন্ত বাড়ি যেতে পারছেন না। তবে পুলিশের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছেন। শনিবার সকালে ওসিকে ফোনে পাননি। তাই পুলিশের সহযোগিতা ছাড়াই নয়টার দিকে পরীক্ষাকেন্দ্রে ঢোকেন। ঢোকার সঙ্গে সঙ্গেই সামসুল কবির (৩২) ও আশরাফুল (২৪) নামের দুজন এসে জামার কলার ধরে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে দৌড়ে পরীক্ষার কক্ষে ঢুকে পড়েন তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে পরীক্ষা শেষে বগার ওপার চরগরবদি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, সামসুল ও আশরাফুল ওই হত্যা মামলার আসামিপক্ষের লোক। তবে এ অভিযোগ তাঁরা অস্বীকার করেন।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ‘পরীক্ষা শেষে জাকিরকে তাঁর গন্তব্যে পৌঁছাতে পুলিশ সহযোগিতা করেছে।’
গত ২৯ আগস্ট প্রথম আলোয় ‘হত্যা মামলার বাদী ভয়ে চার বছর পালিয়ে বেড়াচ্ছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।