হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বহুল আলোচিত স্কুলছাত্র সাকিব হোসেন হত্যা মামলার পলাতক আসামিদের স্বজনেরা বাদীর পরিবারকে ভয়ভীতি ও হত্যা করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাকিবের বাবা কৃষক গোলাম মোস্তফা এ বিষয়ে গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘পলাতক আসামিদের স্বজন শামসুজ্জামান, শাহিন, রাজিব, আব্দুল জব্বার এবং এলংজানি গ্রামের মিঠু ও তোজাম্মেল আকন্দ প্রতিনিয়ত খুনের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মামলা তুলে না নিলে প্রকাশ্যে খুন করার হুমকি দিচ্ছেন। এ কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কারণে উল্লাপাড়া থানায় হুমকিদাতাদের নাম উল্লেখ করে জিডি করা হয়েছে।’
গত ১৫ এপ্রিল ভোরে উপজেলার সাতবিলা গ্রামের কৃষক গোলাম মোস্তফার একমাত্র ছেলে ও লাহিড়ীমোহনপুর কেএম ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র সাকিব হোসেনকে (১৫) অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহরণকারীরা ওই দিন রাতেই গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবাগানে সাকিবকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় সাকিবের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে ১৭ এপ্রিল উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং মামলার ১, ২ ও ৩ নম্বর আসামি সাতবিলা গ্রামের সেলিম আক্তারের ছেলে রবিন, আলমগীর হোসেনের ছেলে ইমরান হাসান ও ইসহাক সরকারের ছেলে আরমান হোসেনকে গ্রেপ্তার করে। অবশিষ্ট আসামিরা এখনো পলাতক রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, এই মামলার মূল তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জেলহাজতে আছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গোলাম মোস্তফার পরিবারের নিরাপত্তা ও হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।