হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর মালিভিটা এলাকায় জহিরুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিহত জহিরুলের বড় ভাই মো. হামিদউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পলাতক আসামি আল আমিন, দিলবার হোসেন ও তাঁদের সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমার বড় ভাই জয়নালকে চাপ দিচ্ছেন। মামলা তুলে না নিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে আমার ভাই ও পরিবার-পরিজন নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার জিডি করা হয়েছে।’
হত্যা মামলার এজাহার সূত্রে জানা গেছে, জহিরুলকে (৩৫) গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে প্রতিবেশী কবির হোসেন বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর পুথাইল এলাকার একটি জলাশয় থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জহিরুলের বড় ভাই জয়নাল হক বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আল আমিন (৩০), মো. কবির হোসেন (৩০) ও দিলবার হোসেনের (৩৫) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। কবির ও মনির নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আল আমিন ও দিলবার পলাতক রয়েছেন।
জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক গতকাল বৃহস্পতিবার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।