হত্যা মামলার বাদীকে হুমকি, আটক ১
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের কৃষক খোরশেদ আলম হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
একই গ্রামের হুমকি প্রদানকারী যুবকের নাম আকরাম হোসেন (২৭)। তাঁকে গতকাল শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
কৃষক খোরশেদকে (৪৫) গত ২৭ নভেম্বর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তাঁর ছেলে লালন উদ্দিন বাদী হয়ে বাগমারা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন একই গ্রামের আবদুল খালেক ও তাঁর স্ত্রী রুপালি বেগম এবং বাহার আলী, আবদুল আহাদ। তাঁরা পলাতক।
জানতে চাইলে মামলার বাদী লালন উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের পর থেকে আকরাম তাঁকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। মামলা প্রত্যাহার করা না হলে তাঁর বাবার মতো তাঁকেও (লালন) হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে আকরামকে আটক করা হয়েছে। এ ছাড়া মুঠোফোন ট্র্যাকিং করে আসামিদের সঙ্গে তাঁর (আকরামের) যোগাযোগের সত্যতাও পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।