হত্যা মামলার বাদীর হাত-পা ভাঙল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর স্কুলছাত্র সৌরভ হোসেন ওরফে পিয়াস হত্যা মামলার বাদীকে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার উপজেলার হীরাপুর গ্রামের তিনতেড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূরুল ইসলামের ভাই নূর নবী প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তাঁর ভাই নূরুল ইসলাম ওরফে বাবুল (৫০) হীরাপুর গ্রামের তিনতেড়ী এলাকার দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে তাঁর ভাইয়ের দুই হাত ও দুই পা ভেঙে দেয়।
নূরুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নূরুল ইসলাম তাঁর ছেলে সৌরভ হত্যা মামলার বাদী। নূর নবীর অভিযোগ, মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে তাঁর ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। কয়েক মাস আগে তাঁর আরেক ভাইকেও কুপিয়ে আহত করা হয়।
২০১৪ সালের ১ আগস্ট অষ্টম শ্রেণির ছাত্র সৌরভ নিখোঁজ হয়। পরদিন একই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে কাউকে পায়নি।