হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের খাসের হাওলা গ্রামে আবদুর রশিদ মৃধা নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তি একটি হত্যা মামলার সাক্ষী। হত্যা মামলার আসামিরা তাঁকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আবদুর রশিদ মৃধা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, খাসের হাওলা গ্রামের আবদুর রশিদ মৃধার সঙ্গে হালেম মৃধার বিরোধের জেরে গত বছর রশিদ মৃধার নাতনি সুইটিকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সুইটির বাবা হারুন মৃধা। এই মামলার সাক্ষী আবদুর রশিদ মৃধা। গত সোমবার দুপুরে আবদুর রশিদ মৃধাকে তাঁর বাড়ির সামনে মসজিদের পাশে জামাল ও হালেম এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। জামাল ও হালেম অভিযোগ অস্বীকার করেছেন।