হত্যা মামলার সাক্ষীর খড়ের পালায় আগুন?
নরসিংদীর শিবপুরে মুক্তিযোদ্ধা আবদুল হাই হত্যা মামলার সাক্ষী মো. হারিছ মিয়া নামের একজনের বাড়ির খড়ের পালায় অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার বিরাজনগর এলাকায় তাঁর বাড়ির তিনটি খড়ের পালা আগুনে পুড়ে যায়।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাতে বিরাজনগর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত আবদুল হাইয়ের ছেলে রিমন মিয়া তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করেন। মামলার প্রধান সাক্ষী করা হয় আবদুল হাইয়ের ছোট ভাই মো. হারিছ মিয়াকে। এরপর থেকে মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হয়রানি করছে দুর্বৃত্তরা। ২১ এপ্রিল হারিছ মিয়ার মুরগির খামারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৫ এপ্রিল হারিছ মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। সর্বশেষ রোববার দিবাগত রাতে তাঁর বাড়ির তিনটি খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়।
শিবপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।