হত্যা মামলায় যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ছানোয়ার হোসেনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বছরের ১৯ এপ্রিল রাতে বুধিরপাড়া গ্রামের আবদুর রশিদ চান মিয়া নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে আবদুল আজিজ বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। তবে মামলার প্রধান আসামি ছানোয়ার হোসেন হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁকে দেওহাটা-বহুরিয়া সড়কের মমির খান মার্কেটের সামনে মামলার বাদী দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের প্রায় ১৩ মাস পর তাঁকে গ্রেপ্তার করা হলো।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।