হত্যা মামলায় স্ত্রী ও শ্যালিকা গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের আল আমিনকে (২৭) হত্যার অভিযোগে তাঁর স্ত্রী পলি আক্তার (২১) ও শ্যালিকা ডলি আক্তারকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে বরগুনার বামনা উপজেলার অযোধ্যা গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল আমীন বলেন, গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সবুজনগর গ্রামের আনিস হাওলাদারের ছেলে আল আমিনের সঙ্গে তিন বছর আগে একই উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের সৌদি আরবপ্রবাসী ফুল মিয়া পেয়াদার মেয়ে পলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর আল আমিন শ্বশুরবাড়িতে থাকতেন। আল আমিন সৌদি আরব যাওয়ার জন্য শ্বশুর ফুল মিয়াকে টাকা দেন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে গত ৭ এপ্রিল আল আমিন বিষপাণে মারা যান।