হত্যাকাণ্ড ঘটায় দুজন, একজন ছিল মোটরসাইকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল করিম হত্যা
রেজাউল করিম হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডে তিনজন অংশ নেয়। একজন মোটরসাইকেলে ছিল। বাকি দুজন হত্যাকাণ্ডটি ঘটায়। আর এ সময় হত্যাকারীরা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়েছিল। গতকাল বুধবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান।
একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে জানিয়ে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত শনিবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। গ্রামের বাড়িতে শিশুদের জন্য গানের স্কুল খোলার কারণে কোনো ধর্মীয় উগ্রপন্থী তাঁকে লক্ষ্যবস্তু করে থাকতে পারে বলে পরিবার ও তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।
পুলিশ কমিশনার বলেন, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের দৈহিক বর্ণনা পাওয়া গেছে। তবে পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি বলেন, যেহেতু হত্যাকারীরা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়েছে, কাজেই তাদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। পুলিশের কয়েকটি দল এ নিয়ে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের নিরাপত্তার প্রশ্নে মো. শামসুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে দুই শ পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষকদের আবাসিক এলাকা ‘বিহাস’-এ প্রতিদিন সন্ধ্যায় পুলিশি টহল থাকছে। এ ছাড়া বাইরে যাওয়ার সময় নিরাপত্তা চাইলে শিক্ষকদের তা দেওয়া হবে।
হত্যার ঘটনার দিন রাতেই নগরীর ছোট বনগ্রাম এলাকা থেকে শিবিরের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। পরের দিন নগরীর মতিহার থানার ললিতাহার এলাকা থেকে খাইরুল ইসলাম নামের আরেক শিবিরকর্মীকে আটক করা হয়। এ ছাড়া গত মঙ্গলবার ভোররাতে অধ্যাপক রেজাউলের গ্রামের বাড়ি দরগামাড়িয়া থেকে দরগামাড়িয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রায়হানুল ইসলাম ও গোপালপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমানকে আটক করা হয়। তবে ওই দিন রাতেই মুনসুরকে ছেড়ে দেওয়া হয়। শিক্ষক রায়হানুল ইসলাম তাঁর মাদ্রাসায় পড়তে আসা শিশুদের অধ্যাপক রেজাউলের গানের স্কুলে যেতে নিষেধ করেছিলেন বলে তারা জানিয়েছে। গ্রেপ্তারের আগেই প্রথম আলোর সঙ্গে আলাপকালে রায়হানুল নিজেও তা স্বীকার করেছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ অব্যাহত: এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো গতকাল বুধবারও আন্দোলনে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সকাল ১০টার দিকে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশের পর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে আরও একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটকের সামনে গিয়ে ইংরেজি বিভাগের অবরোধের সঙ্গে মিলিত হয়। মাগুরা জেলা সমিতিও এ সময় সংহতি জানায়।
বেলা ১১টার দিকে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহীদুল্লাহ কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের লিচুতলায় অবস্থান নেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে এদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পুলিশের ‘প্রয়োজনীয় পরিবর্তন’ দাবি সাংসদের: রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেছেন রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহীতে কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রীর কাছে পুলিশ-কাঠামো পুনর্গঠনের দাবি জানিয়েছেন তিনি। ফজলে হোসেন বাদশা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার ও নাগরিকদের নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।