হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন র্যাবের আরেক সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার বর্ণনা দিয়েছেন র‌্যাব-১১ সদস্য আসাদুজ্জামান। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে পৃথক দুটি মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে র‌্যাবের ২০ কর্মকর্তা ও সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, গতকাল দুপুরে সিপাহি আসাদুজ্জামানকে আদালতে হাজির করা হয়। তিনি সাতজনকে অপহরণের পর হত্যা করে তাঁদের কীভাবে গুম করা হয়, এসব বিষয়ে আদালতে বিস্তারিত বিবরণ দেন।
আসাদুজ্জামানকে গত শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোডের ফতুল্লা রামারবাগ এলাকা থেকে গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীবন্দরের শান্তিনগর এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা করা হয়।