পটুয়াখালীতে ঘর থেকে বাবা-মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনার কোনো সূত্র জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, এক নিকটাত্মীয় খুন হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় বাবা-মা সাক্ষী ছিলেন। এটাই মেয়েসহ তাঁদের নৃশংসভাবে খুন হওয়ার নেপথ্য কারণ হতে পারে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, তিনি খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে যান। এর আগেও ওই বাড়িতে একটি খুন হয়েছে। সেই খুনের মামলার সাক্ষী ছিলেন দেলোয়ার ও তাঁর স্ত্রী পারভীন। সম্ভাব্য সব বিষয় আমলে নিয়ে পুলিশ গুরুত্বসহকারে ঘটনাটি তদন্ত করছে।
বুধবার রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ ছৈলাবুনিয়া গ্রামে পুলিশ দেলোয়ার মোল্লা (৫৫), পারভীন বেগম (৪২) ও কাজলি বেগমের (১৪) রক্তাক্ত লাশ তাঁদের ঘরে মশারির ভেতর থেকে উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে দেখা যায়, যে বাড়িতে তিনজনকে হত্যা করা হয়েছে, সেটি ফাঁকা পড়ে রয়েছে। ভেতর থেকে ছাগল, হাঁস-মুরগির ডাক শোনা যাচ্ছে। নির্জন স্থানে এ বাড়ির চারদিক গাছপালায় ঢাকা।
স্থানীয় ব্যক্তিরা জানান, বাড়িটি দেলোয়ারের বড় ভাই ইদ্রিস মোল্লার। দেলোয়ার সরলসোজা মানুষ ছিলেন। তবে ইদ্রিস মোল্লার সঙ্গে আত্মীয়স্বজনের জমিজমা নিয়ে চরম আকারে বিরোধ চলছে। এ বাড়ির পশ্চিম পাশে ছোট খাল পেরোলে দেলোয়ারের নিজের ঝুপড়ি ঘর। পাশেই আরেকটি ঝুপড়ি ঘরে বাস করেন হনুফা বেগম (৪৫) নামের এক নারী। তিনি বুধবার সন্ধ্যায় হাঁস খুঁজতে দেলোয়ারের বাড়ির কাছাকাছি গেলে খুনের ঘটনাটি বেরিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইদ্রিস মোল্লার বোন রোকেয়া বেগমকে বিয়ে করেন তাঁর চাচাতো ভাই বজু মোল্লা। পরে ইদ্রিস মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে বজু মোল্লার বিরোধ সৃষ্টি হয়। তবে বজু মারা যাওয়ার পর তাঁর সাত ছেলের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১১ ফেব্রুয়ারি প্রকাশ্যে ইদ্রিস মোল্লার ছেলে এসএসসি পরীক্ষার্থী শফিক মোল্লাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় শফিক মারা যায়। এ হত্যাকাণ্ডের পর ইদ্রিস মোল্লা নিজের নিরাপত্তার জন্য বাড়ি ছেড়ে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। আর নিজের বাড়িটি দেখাশোনার ভার দেলোয়ারকে দেন। শফিক খুনের ঘটনায় তাঁর বোন মাহিনুর বেগম বাদী হয়ে বজু মোল্লার সাত ছেলেকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন দেলোয়ার ও পারভীন।
এদিকে গলাচিপা থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, দেলোয়ার ও তাঁর স্ত্রীর শরীরে অসংখ্য কোপের চিহ্ন। মেয়ে কাজলির মাথা ছিল দেহ থেকে বিচ্ছিন্ন। মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। লাশগুলোতে পচন ধরেছে।