হত্যাকারী গ্রেপ্তারে সময় বেঁধে দিলেন মোটর মেকানিকরা
শ্যামলী পরিবহনের মেকানিক রতন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মোটর মেকানিকেরা। নইলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তাঁরা।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রতন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের সদস্যরা।
মানববন্ধনে ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল অভিযোগ করেন, শ্যামলীর মালিক রমেন ঘোষের শ্যালক স্বস্তি ঘোষ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের অভিযোগ, গত ৩ জানুয়ারি শ্যামলী পরিবহনের সাভারের হেমায়েতপুর ওয়ার্কশপে কাজ করছিলেন রতন। সন্ধ্যার দিকে তিন-চারজন তাঁকে সেখান থেকে নিয়ে যায়। এর পর থেকে তাঁর খবর পাওয়া যাচ্ছিল না। রতনের ভাই হান্নান এ ব্যাপারে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৯ জানুয়ারি ওই গ্যারেজের পেছন থেকে রতনের গলিত লাশ উদ্ধার করা হয়। রতনের হত্যাকারীদের গ্রেপ্তারের পর দ্রুত বিচার করে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।