হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে স্কুলছাত্র মমিনুল ইসলাম ওরফে জিসানের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এদিকে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের (৩৮) খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর গ্রামের লোকজন।

জামালপুর শহর ছাত্রলীগের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের দয়াময়ী এলাকায় মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মমিনুল ইসলাম শহরের মুসলিমাবাদ এলাকার মজিবর রহমানের ছেলে। সে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিল মমিনুল। গত রোববার রাতে একদল যুবক তাকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে সে মারা যায়।

এদিকে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাঁর গ্রামের লোকজন। গতকাল দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান তিনি।