হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী তাহেরা খাতুনের খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিক্ষোভ হয়েছে।
বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার হাজারো শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও, অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ করেন। এদিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গত শনিবার রাতে তাহেরার গৃহশিক্ষক রাশেদুল ইসলামকে ওই খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা একটায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাহেরার শিক্ষাপ্রতিষ্ঠান আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়সহ উপজেলার অন্তত ২০টি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা থানার সামনের সড়কে সমবেত হন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে যান এবং ইউএনও কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা এ সময় সন্দেহভাজন খুনি মাসুদ রানার কুশপুত্তলিকা দাহ করেন। কর্মসূচি চলাকালে পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রানী সাহা, তাহেরার সহপাঠি নাজমুস শামা, শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে অবিলম্বে অভিযুক্ত খুনিকে গ্রেপ্তারের দাবি জানান।
আন্দোলনকারীরা ইউএনও মোহাম্মদ আশরাফুল আলমের কাছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত খুনিকে গ্রেপ্তারের নিশ্চয়তা চান। এ সময় ইউএনও জানান, প্রকৃত খুনিকে গ্রেপ্তারে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনকে আইনের পথে চলতে দিতে ইউএনও আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান। এ সময় একদল যুবক তাৎক্ষণিকভাবে মাফলার দিয়ে মুখ বেঁধে শহরে তাণ্ডব চালায়। যুবকেরা থানা রোডের আঈন স্পোর্টস অ্যান্ড মোবাইল টাচ নামের দোকান ও একটি এক্স-রে ক্লিনিকে হামলা-ভাঙচুর এবং ক্লিনিকের মালিক আনিসকে রক্তাক্ত জখম করেন। এ ছাড়া চারতলা মোড়ে একটি ট্রাক এবং এজাহারভুক্ত পলাতক আসামি মাসুদ রানার আনন্দধাম এলাকার বাড়ি ভাঙচুর করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা জানান, এজাহারভুক্ত একমাত্র আসামি মাসুদ এখনো পলাতক। তবে ঘটনার প্রথম দিন থেকেই সন্দেহের তালিকা থাকা গৃহশিক্ষক রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাহেরার মৃত্যুর আগে মুঠোফোনে শেষ কথাটিও হয় রাশেদুলের সঙ্গে। রাশেদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।