হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে অভয়নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা মোল্যা ওলিয়ার রহমান (৬২) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে অভয়নগরবাসী। ইতিমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দেওয়া হয়েছে হরতালের মতো কঠোর কর্মসূচি।

গত ২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর ওই দিন নওয়াপাড়ায় স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া প্রেসক্লাব, ১২টি পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হয় ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’। কমিটির ডাকে ৩ ডিসেম্বর সদর নওয়াপাড়ায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়। এরপর সংগ্রাম কমিটি বুধ ও বৃহস্পতিবার পুনরায় নওয়াপাড়ায় হরতালের ডাক দিয়েছে।

সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ওলিয়ার রহমানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও পরিকল্পনাকারীদের নাম প্রকাশের দাবিতে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী হরতালের পর প্রশাসন ব্যবস্থা না নিলে পুরো অভয়নগর অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরদিন ২৪ নভেম্বর নিহত ব্যক্তির স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে তিনজন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেন। একই রাতে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে সাত জনকে আসামি করে অস্ত্র আইনে থানায় আরেকটি মামলা করেন। গোয়েন্দা পুলিশ এই মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমিপত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।