গাজীপুরের পোড়াবাড়ী উত্তর সালনা এলাকায় স্কুলছাত্রী আঁখি আক্তার ও তার বাবা সাইফুল ইসলামকে হত্যার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় স্কুলশিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ওই কর্মসূচি পালন করেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন।
গতকাল সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টার মানববন্ধনের পর পোড়াবাড়ী এলাকার বাসিন্দা মো. খালিদ আকন্দের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর সিটির ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগের স্থানীয় নেতা মনির মাস্টার, সিরাজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সালনা শাহ সুফি ফসি উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার (১৪) ও তার বাবা সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে খুন করা হয়। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিতে হবে।
মানববন্ধনে চান্দনা-চৌরাস্তা, পোড়াবাড়ী, সালনাসহ আশপাশের প্রায় ২০টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশ নেয়। ছাত্রছাত্রীরা তাদের বন্ধুর খুনিকে গ্রেপ্তারের দাবি জানায়।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মানববন্ধনের পর বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ২০ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের উত্তর সালনা এলাকায় সাইফুল ইসলামের মেয়ে আঁখি আক্তারকে একই এলাকার নূরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৫) দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এর জের ধরে গত বুধবার দিবাগত রাতের কোনো একসময় মনির হোসেনের নেতৃত্বে স্কুলছাত্রী আঁখি আক্তার ও তার বাবা সাইফুল ইসলামকে হত্যা করা হয়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, এ ঘটনায় মনিরের বাবা নূরু মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।