হত্যাকারীর ফাঁসির দাবিতে কাঁদলেন নাজিরার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

অপহরণের পর গলা কেটে শিশু নাজিরার হত্যাকারীর বিচারের দাবিতে আজ রোববার মানববন্ধন করেছেন জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করেন। তাঁদের সঙ্গে ছিলেন নাজিরার বাবা ও মা। অভিযোগ নাজিরার ফুপাতো ভাই শাজাহান হাবিব এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল নাজিরা আক্তার (১১)। গতকাল শনিবার শহরের মাসকান্দা এলাকায় এই স্কুলের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী। এ ছাড়া গতকাল শনিবার ও আজ দুদিনের কর্মবিরতি পালন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

আজ রোববার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ শহরের পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও পরে বিক্ষোভ করে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরাও ছিলেন। মানববন্ধনে নাজিরার মা মাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন। তিনি দ্রুত শাজাহানের ফাঁসি দাবি করেন।

মেয়ের হত্যাকারীর বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মাজেদা খাতুন। ছবি: প্রথম আলো
মেয়ের হত্যাকারীর বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মাজেদা খাতুন। ছবি: প্রথম আলো

মানববন্ধন শেষে স্কুলের শিক্ষার্থীরা ‘আমার বোনের হত্যাকারীর বিচার চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নাজিরাকে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর গলা কেটে হত্যা করে তার লাশ একটি ধানখেতে ফেলে রাখা হয়। অভিযোগ, নাজিরার ফুপাতো ভাই শাজাহান হাবিব এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই অভিযোগে গত শুক্রবার নাজিরার বাবা মো. ইউনুছ মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় শাজাহানকে একমাত্র আসামি করে মামলা করেন।
গতকাল শনিবার শাজাহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
নাজিরার পরিবারের অভিযোগ, শাজাহান নাজিরাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বিরোধ সৃষ্টি হয়।