হত্যাকারীরা ঘরের লোক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তির স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এ ছাড়া জেলার বেগমগঞ্জ উপজেলায় লাঠির আঘাতে গত শনিবার রাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ওই বৃদ্ধের ছেলে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনার পর থেকে ছেলে পলাতক। গত শনিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. সহিদ উল্লা (৩৫) ও বেলায়েত হোসেন (৬০)।
সুবর্ণচরের চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার চরজব্বর ইউনিয়নের মধ্যম চরবাগ্গা গ্রামের শরিফা খাতুন ও সহিদ উল্লা দম্পতির মধ্যে বিভিন্ন কারণে সমস্যা চলছিল। গতকাল ভোররাত চারটার দিকে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যা করেন স্ত্রী। এ ঘটনার পর তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাঁদের পাঁচ বছর বয়সী মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ওই নারীকে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।
নিহত সহিদ উল্লা স্থানীয় একটি করাতকলের শ্রমিক ছিলেন বলে ওসি জানান।
এদিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শনিবার রাত নয়টার দিকে ছেলে মো. ইয়াছিনের (৩৫) চায়ের দোকানে গিয়ে তাঁর কাছে একটি মুঠোফোন নম্বর চান বাবা বেলায়েত। ছেলে নম্বর দিতে অস্বীকার করায় বাবা তাঁকে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন ছেলে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ইয়াছিন পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে।