হত্যাকারীরা তাপসের লাশ নিয়ে উল্টো রাজনীতি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বপরিকল্পনা অনুসারে হামলা চালিয়ে তাপস সরকারকে হত্যা করে এখন হত্যাকারীরা উল্টো তাঁর লাশ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছে ছাত্রলীগের সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষ। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নগরের প্রেসক্লাবে তাপস হত্যাকাণ্ড–পরবর্তী পরস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা-কর্মীরা। সেখানেই তাঁরা এই অভিযোগ তোলেন। এদিকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশও করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ, তাপস হত্যার বিচার বিভাগীয় তদন্ত, তাপসের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, তাঁর দুই ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া এবং এই হত্যাকাণ্ডে জড়িত ছাত্রদের সনদ বাতিল করার দাবি জানানো হয়।
এসব দাবি দ্রুত মেনে নেওয়া না হলে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা অমিত কুমার বসু।
অমিত কুমার তাঁর বক্তব্যে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও টেন্ডার বাণিজ্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেনি দাবি করে বলেন, ‘পরিকল্পিতভাবে তাপস সরকারকে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা।’

‘গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে ভিএক্স পক্ষের কনিষ্ঠ কর্মীরা অভিযোগ তোলেন ‘নিজেরা নিজেদের কর্মী হত্যা করে ভিএক্স পক্ষের ওপর দোষ চাপাচ্ছে’। অমিত কুমার ভিএক্স পক্ষের এই অভিযোগের ব্যাপারে বলেন, ‘তাপস আমাদের প্রিয় ছোট ভাই ছিল। তাঁর লাশ নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। তাঁদের এই দাবি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনের তদন্তে বেরিয়ে এসেছে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ দায়িত্বে অবহেলা করে উল্টো সন্ত্রাসীদের মদদ দিয়েছেন বলেও উল্লেখ করেন অমিত কুমার। এ জন্য দ্রুত তাঁর অপসারণ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন জুয়েল, রোজউল হক, কিশোর দাশ, ওমর ফারুক, কাউসার হায়দার, আরমান হাবিব প্রমুখ।
এদিকে সংবাদ সম্মেলনে ভিএক্স পক্ষের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এটি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার হীন প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও বিশ্ববিদ্যালয়কে প্রতিক্রিয়াশীলদের হাতে তুলে দেওয়ার কোনো সুগভীর ষড়যন্ত্রও হতে পারে।’

শিক্ষার্থীদের কর্মসূচি
এদিকে তাপস হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। নেত্রকোনা ও সুনামগঞ্জ স্টুডেন্ট ফোরাম এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের যৌথ এই কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘তাপসের খুনীদের ফাঁসি চাই,’ ‘হত্যার বিচার চাই,’ ‘হত্যাকারীদের গ্রেপ্তার চাই’-লেখাসহ নানা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি মৌন মিছিল শুরু করে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এতে বক্তব্য দেন শরীফুল ইসলাম, এনামুল হক, নাজমুল হাসান, মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন, ফারুক রাসেল, দীপ্ত সরকার প্রমুখ শিক্ষার্থী।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এ মিছিল থামাতে হবে। লাশের মিছিল থামাতে বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান শিক্ষার্থীরা।

দোষীদের শাস্তি দাবি শিক্ষক সমিতির

তাপস হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশও করেন শিক্ষক নেতারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষকেরা নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন সম্ভাবনাময়ী তরুণ এভাবে চলে যাবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের সহনশীল আচরণ করার অনুরোধ জানান। ১৫ ডিসেম্বর শিক্ষক সমিতির এক বৈঠকে এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয় বলেও জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।