হত্যাচেষ্টার অভিযোগে ছুরিসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে এক শিশুকে অপহরণ করে গলা কেটে হত্যার চেষ্টাকালে গ্রামবাসী এক ব্যক্তিকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে গ্রামের আকরাম হোসেনের ছেলে সিয়াম হোসেন (৭) বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বাশিলা মধ্যপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২০) তাকে অপহরণ করে একটি পাটখেতে নিয়ে যায়। সেখানে তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করার সময় সিয়ামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ফয়সালকে গ্রামবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ছুরিসহ ফয়সালকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে ফয়সাল হোসেন মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবারের দাবি। ফয়সালের বাবা কামরুল ইসলাম বলেন, তাঁর ছেলে মানসিক রোগী। খাজুরা গ্রামে সে তার নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল।