হত্যাচেষ্টার দায়ে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামে এক দম্পতিকে হত্যার চেষ্টা ও কুপিয়ে জখমের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের জাকির হোসেন (৪০), তাঁর ভাই আইউব আলী (৩৮) ও একই গ্রামের হোসেন হাওলাদার (৩০)। আসামি জাকির হোসেনকে নয় বছরের সশ্রম কারাদণ্ড ও ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামি আইউব আলী ও হোসেন হাওলাদারকে সাত বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৮ আগস্ট রাতে পারিবারিক বিরোধের জের ধরে আসামিরা আমুরবুনিয়া গ্রামের মনিরুজ্জামানের ঘরের সিঁধ কেটে ঢোকেন। এরপর আসামি জাকির হোসেন ধারালো অস্ত্র দিয়ে মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে মাথা ও ডান হাতে গুরুতর আঘাত পান তিনি। এ সময় মনিরুজ্জামানের স্ত্রী সালমা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাঁকেও মারপিট করা হয়। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এলে আসামিরা পালিয়ে যান।

এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে জাকির, আইউব ও হোসেনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম এই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির।