হত্যায় সাংসদ, মেয়রের হাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাই জড়িত বলে তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। এই তিন ভাইয়ের মধ্যে একজন সহিদুর রহমান খান পৌর মেয়র। গত বছরের জানুয়ারিতে শহরের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় ফারুককে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, এই মামলার দুই আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এঁদের জড়িত থাকার কথা জানিয়েছেন। তাঁরা আদালতকে বলেন, টাঙ্গাইল শহরে সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠানে বসেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়। পরিকল্পনার সময় সাংসদ ছাড়াও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সানিয়াত খান (বাপ্পা) ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুর রহমান খানসহ (কাঁকন) আরও তিনজন উপস্থিত ছিলেন। আমানুর রহমান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নিহত মুক্তিযোদ্ধা ফারুক ছাত্রজীবনে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। একাত্তরে মুক্তাঞ্চল থেকে প্রকাশিত রণাঙ্গন নামের একটি পত্রিকার সহসম্পাদক ছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ‘প্রতিরোধ যুদ্ধে’ অংশ নিয়ে পঙ্গু হন তিনি।
দলীয় নেতাকে খুনের ঘটনায় নাম আসার ব্যাপারে জানতে চাইলে সাংসদ আমানুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমি সাতবার হজ করেছি। পায়ের নিচে একটি পিঁপড়া পড়লেও আমি হিসাব করে পা ফেলি। আমি কোনো অন্যায় করতে পারি না। আমার বিরুদ্ধে এখন যা বলা হচ্ছে, সবই ষড়যন্ত্র।’ তাঁর দাবি, একটি শক্ত প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে এসব বলাচ্ছে। তিনিও এই হত্যাকাণ্ডের বিচার চান বলে জানান।
তদন্তকারী কর্মকর্তারা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফারুক ও মেয়র সহিদুর রহমান এই পদে প্রার্থী ছিলেন। তদন্তে তথ্যপ্রমাণ পাওয়ার পরও পুলিশ সাংসদ বা তাঁর ভাইদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তবে শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মাহফীজুল ইসলাম।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান (মেনু) প্রথম আলোকে বলেন, ‘লোকমুখে শুনেছি, খুনিরা নাকি সাংসদ ও তাঁর ভাইদের নাম বলেছে। কিন্তু আমার মনে হয়, এটা ঠিক নয়। তাঁরা এভাবে খুন করতে পারেন না।’
তদন্তের ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘এটুকু বলতে পারি যে দুই আসামির জবানবন্দি থেকে আমরা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছি। কীভাবে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার। কিন্তু তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না।’
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমেদের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায় শহরের কলেজপাড়া এলাকায় তাঁর বাসার কাছের রাস্তায়। এর তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি। প্রথমে থানার পুলিশ এবং পরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রথম দিকে পুলিশ এই মামলা নিয়ে দিশেহারা ছিল। কিন্তু তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, হত্যাকাণ্ডে সাংসদের হাত আছে। এর পরই গত ১১ আগস্ট গ্রেপ্তার করা হয় আনিসুল ইসলাম ওরফে রাজাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন, সাংসদের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। সাংসদ তাঁর বিয়ের উকিল ছিলেন। জেলা পুলিশ সূত্র জানায়, তিন দফায় ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মুখ খোলেন আনিসুল। ২৭ আগস্ট টাঙ্গাইলের অতিরিক্ত বিচারিক হাকিম মো. শাহাদত হোসেনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
যেভাবে হত্যাকাণ্ড ঘটে: জবানবন্দিতে আনিসুল বলেন, খান পরিবারের সঙ্গে তাঁদের দাদার আমল থেকে পরিচয়। বছর দেড়েক আগে এক শীতের রাতে তিনি মেয়রের বাসার পাশে চার রাস্তার মোড়ে চা খাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান, সাংসদের গাড়ি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান গ্লোবাল ট্রেনিং সেন্টারের দিকে আসছে। এ সময় তিনিও কার্যালয়ের ভেতরে ঢোকেন। গাড়ি থেকে সাংসদ ও তাঁর ছোট ভাই নামেন। গাড়িটি তাঁদের নামিয়ে দিয়ে বাসায় চলে যায়। তাঁরা কার্যালয়ের ভেতরে ঢুকে গেট বন্ধ করেন দেন। সেখানে আগে থেকে আরও চারজন অপেক্ষা করছিলেন। তাঁরা সেখানে আলোচনা করেন, ফারুক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চাইছেন। এই পদে সাংসদের ছোট ভাইও প্রার্থী। তখন তাঁরা ফারুককে সাংসদের প্রতিষ্ঠানে ডেকে আনতে বলেন।
সাংসদের মালিকানাধীন গ্লোবাল প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় তাঁর বাড়ির ২০ গজের মধ্যেই। এটি বিদেশগামী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হলেও এর ভেতরে সব সময় অবস্থান করেন সাংসদের সাঙ্গপাঙ্গরা।
আনিসুল ইসলাম জবানবন্দিতে বলেন, ফারুক আহমেদকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ডেকে আনার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তিনি ফারুককে নিয়ে এলে সাংসদের কার্যালয়ে ঢোকার মুখেই সাংসদের ভাই বাপ্পা এগিয়ে এসে ফারুককে বলেন, ‘আপনি সেক্রেটারির পদটা মেয়রকে দিয়ে দেন।’ তখন ফারুক বেশ বিরক্ত হয়ে বলেন, ‘তোদের জ্বালায় পারি না। সবই দিলাম, সেক্রেটারি পদও চাস, দেখি, ভেবে কী করা যায়।’ এ কথা শুনে সাংসদ সেখান থেকে বের হয়ে যান। এ সময় ফারুক একটি সিগারেট ধরিয়ে কার্যালয়ের পাশে একটি গাড়ি মেরামতের গ্যারেজের দিকে যেতে থাকেন।
জবানবন্দি থেকে জানা যায়, তখন কার্যালয়ে ভেতরে থাকা সমির নামে একজন কবির নামের অন্য একজনকে মিসড কল দেন। এর পরপরই কবির খুব কাছ থেকে ফারুককে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি ফারুকের পিঠে লাগে। কার্যালয়ে থাকা আরও কয়েকজন তখন ঘটনাস্থল গ্যারেজের কাছে গিয়ে ফারুকের মুখ চেপে ধরেন। সাংসদের ছোট ভাই বাপ্পা চালককে ফোন করে দ্রুত গাড়ি আনতে বলেন এবং দুই মিনিটের মধ্যে সব পরিষ্কার করার নির্দেশ দেন। পরে একটি অটোরিকশায় করে ফারুকের মৃতদেহ তাঁর বাড়ির কাছে ফেলে আসা হয়।
আনিসুল ইসলামের জবানবন্দির সূত্র ধরে পুলিশ

আরেক আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে ২৪ আগস্ট। ১০ দিন রিমান্ডে থাকার পর ৫ সেপ্টেম্বর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ নাজমুন নাহার তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন। জবানবন্দিতে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সময় সাংসদ ছাড়াও তাঁর তিন ভাই ও আরও তিনজন উপস্থিত ছিলেন।
চার ভাইয়ের যত মামলা: টাঙ্গাইলে সরেজমিন খোঁজ নিতে গেলে স্থানীয় লোকজন জানান, বর্তমান সাংসদ আমানুর রহমান খান ২০১২ সালের নভেম্বরে উপনির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজয়ী হয়ে দলে ফেরেন তিনি। ৫ জানুয়ারির নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।
এই নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আমানুর রহমান উল্লেখ করেছেন, তাঁর নামে বিভিন্ন সময় তিনটি হত্যাসহ ৪৬টি মামলা হয়েছে। হত্যা মামলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম খোকন হত্যা, টাঙ্গাইল পৌরসভার সাবেক কমিশনার রুমি চৌধুরী হত্যা মামলা এবং জেলা ছাত্রদলের সহসভাপতি আবদুর রৌফ হত্যা মামলা। মামলাগুলো সব নিষ্পত্তি হয়েছে। রুমি চৌধুরী হত্যা মামলা এবং রৌফ হত্যা মামলা সরকার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নিয়েছে।
সাংসদের ভাই সহিদুর রহমান খান টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। ২০০৩ সালে বড় ভাই আমিনুর রহমান খান খুন হওয়ার পর তিনি বিদেশে চলে যান। ২০০৮ সালে দেশে ফিরে অনেকটা আত্মগোপনে থাকেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তৎপরতা শুরু করেন। ২০১১ সালের পৌর নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন।
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় সহিদুর রহমান উল্লেখ করেছেন, তাঁর নামে বিভিন্ন সময় পাঁচটি হত্যাসহ ৩৬টি মামলা হয়েছে। তিনিও ভাইয়ের সঙ্গে একই মামলার আসামি। এগুলো নিষ্পত্তি বা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। বারবার চেষ্টা করেও সহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরেক ভাই জাহিদুর রহমান খান টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সাধারণ সম্পাদক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি এবং তাঁর আরেক ভাই সানিয়াত কতগুলো মামলার আসামি, সে তথ্য পুলিশের কাছে নেই। তবে একাধিক গোয়েন্দা সংস্থা ও আদালত সূত্র নিশ্চিত করেছে, তাঁরা দুজনই রুমি চৌধুরী এবং রৌফ হত্যা মামলার আসামি ছিলেন। মামলাটি সরকার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নিয়েছে। এই দুই ভাইকেও এলাকায় গিয়ে পাওয়া যায়নি।
মামলার বাদী ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কারা খুন করেছে তা আমি জানি না। কিন্তু আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’