হত্যার অভিযোগ
নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামে জঙ্গলে বাঁশের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে বেঁধে রাখা অবস্থায় গতকাল শুক্রবার একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তির নাম মাসুদ মিয়া (৩২)। তিনি আমতলা গ্রামের আবদুল মন্নাফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মাসুদ মিয়া শোয়ার ঘর থেকে বের হন। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাতভর তাঁকে খোঁজাখুঁজি করেন। গতকাল শুক্রবার সকাল পৌনে আটটার দিকে কয়েকজন গ্রামের জঙ্গলের বাঁশঝাড়ে মাসুদ মিয়ার মৃতদেহ দেখতে পায়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে গলায় রশি পেঁচিয়ে বাঁশের সঙ্গে বেঁধে ফেলে রেখে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।