সিলেটের কোম্পানীগঞ্জের দুলাই বিল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই পাহারাদার নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। বিলের ইজারাদার দাবিদার আবদুল হক সরকার বাদী হয়ে গত সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাটি সোমবার রাতেই নথিভুক্ত করা হয়েছে জানিয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলায় ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার দুলাইন বিলে ইজারাদার দাবিদার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিলের পাহারাদার আবদুল খালেক ও শেখ ফরিদ নিহত হন।
ইজারাদার দাবিদার দুই পক্ষের লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার ১২ নম্বর সালদিঘারকান্দি মৌজার ১২৮ একরে ছোট দুলাইন সিংগাইর নামের জলমহাল (দুলাইন বিল)। বন বিভাগ এটি ইজারা দেয়। পাইল ফিশিং (তিন বছর পর মাছ আহরণ) পদ্ধতির এ জলমহাল ২০১২ সালে বন বিভাগ তোরাব আলী পক্ষকে ইজারা দেয়। অপরদিকে শিমুলতলা-নোয়াগাঁও অগ্রগামী মৎস্যজীবী সমবায় সমিতি নামে আরেকটি পক্ষ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দুলাইন বিল ইজারা নিয়েছে বলে দাবি করে।